Saturday, November 18, 2023

সংলাপের পার্ট শেষ: ওবায়দুল কাদের

 

২৮ অক্টোবরের সংঘর্ষ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলনকে বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে।”


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


নিজস্ব প্রতিবেদক: আরজে নিউজ বিডি ২৪

নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “সংলাপের পার্ট শেষ।”

রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন ক্ষমতাসীন দলের নেতা।

বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে কাদের বলেন, “সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না। তারা সন্ত্রাসী দল, এবার আরও প্রমাণ করেছে।

“তারা আগুন সন্ত্রাসী দল, এই দলের সঙ্গে সংলাপ হতে পারে না। সংলাপের পাট শেষ। এক সময় বলেছিলাম কন্ডিশন তুলে নাও, আমরা ভেবে দেখব। এখন তারা যা করেছে, সংলাপের কোনো পরিবেশ নেই।"

কিছুদিন আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধে উদ্ভুত রাজনৈতিক সংকটের সমাধানে ‘নিঃশর্ত সংলাপে’র আহ্বান জানান।



কিন্তু ‘খুনিদের সঙ্গে সংলাপ’ নয় বলে সংবাদ সম্মেলনে জানিয়ে দেন শেখ হাসিনা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, সংলাপের দরজা এখনও ‘বন্ধ হয়নি’। তিনি বলেছিলেন সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে আওয়ামী লীগ ‘শর্তহীন আলোচনায় রাজি আছে।

আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরাই ফাঁদে

গত ২৮ অক্টোবর নয়া পল্টনের অদূরে কাকরাইল ও বিজয়নগরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের পর দলটি সমাবেশ চালিয়ে না গিয়ে যে হরতালের ডাক দিয়েছে, তাতে তারা ফাঁদে পড়েছে বলেও মনে করেন কাদের।

আওয়ামী লীগ নেতা বলেন, “নিজেদের আন্দোলন নিজেরাই ভণ্ডুল করেছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলনকে বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে।”

সেই সংঘর্ষের দিন সরকারি সম্পত্তিতে হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, "যে বড় নেতারা আটক হয়েছে, তারা একজনও কি দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের উপর আক্রমণ, পুলিশের ওপরে হামলা, বাস পুড়িয়ে হেলপার মারা, হাসপাতালে গিয়ে হামলা চালানো, এইসব দায় মির্জা ফখরুলসহ কেউ কি এড়াতে পারে?

“যদি বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারে না। নেতাদের নির্দেশে এইসব অপকর্ম হয়েছে। সন্ত্রাস হয়েছে। কানাডার আদালত যথাযথ বলেছে, এটি একটি সন্ত্রাসী সংগঠন।"

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, "আওয়ামী লীগকে কখনো বঙ্গোপসাগরে ফেলে, কখনো কর্ণফুলীতে ফেলে, আবার কখনো বুড়িগঙ্গায় ফেলে, এখন নিজে কোথায় গেছে? খবরই নেই।"


‘তারা কী না করতে পারে?’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ পরিচয় দিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মিয়া আরেফীর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা নিয়ে কাদের রাখেন, "সেদিন তারা (বিএনপি) যে নাটকটি সাজিয়েছে, আপনারাই বলুন এই দল কী না করতে পারে?..।

“বাইডেন তো দূরে থাক, তার বাড়ি উল্লাপাড়া। ২৮ তারিখ কথিত সরকারের পতনের দিন সে সেখানে কী করে এল? তাকে নিয়ে আসা হয়েছে।”

প্রেসিডেন্ট বাইডেনের ‘ভুয়া উপদেষ্টা’ কাণ্ডে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীকে নিয়ে কাদের বলেন, “তার মত (সারওয়ার্দী) চতুর লোক, যে বারবার সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, অবসরের পরে সেনাবাহিনীতে অপপ্রচার, গুজব যারা সৃষ্টি করে তাদের নায়ক হচ্ছে সারওয়ার্দী। তাকে নিয়ে আসছে সম্মেলনে।"

No comments:

Post a Comment

জন্ম-মৃত্যু নিবন্ধন, ভোগান্তির শেষ কোথায়? | Birth Certificate Correction

  জন্ম-মৃত্যু নিবন্ধন, ভোগান্তির শেষ কোথায়? জন্ম ও মৃত্যু নিবন্ধনে কমছে না ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক মাস ধরে নিজস্ব সার্ভার ব্য...